পবিত্র হজের খুতবা বিকেলে

ডেস্ক রিপোর্ট :
আজ সৌদি আরবের স্থানীয় সময় ৯ জিলহজ (৫ জুন), পবিত্র আরাফার দিন। এদিন ঐতিহাসিক আরাফাত ময়দানে ইবাদত বন্দেগি আর দোয়া মোনাজাতে মশগুল থাকবেন হাজিরা।

আজ সকাল থেকেই লাখো কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা, ওয়ান্‌নি মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক্‌, লা শারিকা লাকা’। এর বাংলা অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’।

সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হজযাত্রীরা আজ বৃহস্পতিবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা করেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হচ্ছেন এই পবিত্র প্রান্তরে।

আজ সারা দিন হাজিরা পবিত্র আরাফাতের ময়দানে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চেয়ে প্রার্থনা করবেন। এ ময়দানে অবস্থানকালে হজযাত্রীরা নামিরাহ মসজিদে জোহরের নামাজ আদায় করবেন। আর নামাজ শেষে এই মসজিদ থেকেই হজের খুতবা দেওয়া হবে। এ বছর নামিরাহ মসজিদে নামাজের ইমামতি ও হজের খুতবা দেবেন  মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ।

মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খুতবা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। আরাফাত ময়দানের মসজিদ আল-নামিরাহ থেকে স্থানীয় সময় দুপুর ১২টার (বাংলাদেশ সময় বিকেল ৩টার) দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

এ বছর হজের খুতবা বাংলাসহ বিভিন্ন বাসায় অনুবাদ করা হবে। হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বাংলা ছাড়াও আরও ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *