দাম কমল ব্রয়লার মুরগির

ডেস্ক রিপোর্ট :

তিন দিন আগেও যে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ছিল ২৮০ টাকা, সেটি আজ থেকে কমে ২০০ টাকায় নেমেছে। কেজি প্রতি খুচরা বাজারে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকা নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা গতকাল সোমবার ছিল ২২০ থেকে ২৩০ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকা। এ দাম রোজা শুরুর আগের দিন (২৩ মার্চ) ৩০০ টাকা ছুঁই ছুঁই করছিল।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাজারে মুরগির দাম কমছে। করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম আরও কমতে পারে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা শরিফুল বলেন, ‘সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে মুরগির দাম কমছে। দু’একদিনের মধ্যে দাম আরও কমবে, ২০০ টাকার নিচে থাকবে।’ তিনি বলেন, ‘আজ যা বিক্রি করছি, সেগুলো গতকালের দামে কেনা। আজ সকালে যারা কাপ্তানবাজার থেকে মুরগি এনেছেন, তারা ২০০ টাকা দরেও বিক্রি করতে পারছেন। আগামীকাল দাম আরও কমবে।’

রোজায় মানুষকে স্বস্তি দিতে ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দেশের চারটি বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দাম নির্ধারণ করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘কোম্পানিভেদে ১৯০ থেকে ১৯৫ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়েছে, যা ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২২০ টাকার বেশি হবে না।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *