স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় যেতে মরিয়া

ডেস্ক রিপোর্ট :
স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় যেতে মরিয়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় জনসংখ্যা ও পুষ্টি ইন্সটিটিউটের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন সময় যারা দেশের স্বাধীনতার বিরোধীতা ও ষড়যন্ত্র করেছে, তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া হয়ে কাজ করছে। তারা শুধু দেশের স্বাধীনতার বিরোধীতাই করেনি, এ দেশের মেধাবী চিকিৎসক, পেশাজীবীসহ বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, এর আগে দলটি একবার ক্ষমতায় গিয়েছিল। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তারা দেশের পতাকাকে পদদলিত করেছিল। আমরাই একসময় তাদেরকে আমাদের জাতীয় পতাকা ব্যবহার করতে দিয়েছিলাম। তবে, সেই সুযোগ তারা আর কখনও পাবে না। সেই দিন এখন আর নেই।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। দেশে খাদ্যের অভাব নেই, একটি মানুষও দেশে না খেয়ে থাকে না। করোনায় গোটা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে গেলেও বাংলাদেশ ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এসব সম্ভব হচ্ছে জাতির জনকের মেয়ে ক্ষমতায় থাকায়।’

স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু প্রমুখ বক্তব্য দেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *