ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন এবং তিনি নিজেই মজুরির বিষয়ে ঘোষণা দেবেন। জেলা প্রশাসনের এমন আশ্বাসে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ২টার পর মৌলভীবাজারের একটি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
সোমবার (২২ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের শ্রমিকরা বাগানে পাতা উত্তোলনের কাজ শুরু করেছিলেন। তবে বিকেলের দিকে কিছু বাগানে দাঙ্গা হাঙ্গামার খবর কে বা কারা ছড়িয়ে দিলে শ্রমিকরা ফের কাজ বন্ধ করে দেন।
এরপর মঙ্গলাবার (২৩ আগস্ট) সকাল থেকেই জেলার কোনো চা বাগানে শ্রমিকরা কাজে যোগ দেননি। বাগান জুড়ে এক রকম নিরবতা বিরাজ করছিল। তবে দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে একটি দল জেলার ভাড়াউড়া চা বাগানসহ বেশ কয়েকটি চা বাগান পরিদর্শন করেন।
এ সময় দলটি বাগান কর্তৃপক্ষ ও সাধারণ চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তখন প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন এবং মজুরি নির্ধারণ করবেন-এমন আশ্বাস দেয় জেলা প্রশাসক।
তার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে শ্রমিকরা দুপুর ২টার পর ভাড়াউড়া বাগানে পাতা উত্তোলনের কাজে শুরু করেন। শ্রমিকরা এখনও দৈনিক ১২০ টাকা মজুরিতেই কাজ করছেন।
এ বিষয়ে ভাড়াউড়া চা বাগানের সর্দার নূর মোহাম্মদ বলেন, কতিপয় ব্যক্তির অপপ্রচার চালালে শ্রমিকরা সোমবার দুপুরের পর আকস্মিক কাজ বন্ধ করে দেন। তবে আগামীকাল যথারীতি কাজ অব্যাহত থাকবে।
দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা বাগানে লাগাতার কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। এর আগে তারা প্রতিদিন ২৩ কেজি চাপাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পেতেন।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply