নারায়ণগঞ্জে বাসে ডাকাতির চেষ্টা, একজনকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট :
টাঙ্গাইলে ঈগল পরিবহনের চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি ও গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জে চালক-হেলপারকে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টা দিকে সদর উপজেলার ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটক নেছার উদ্দিন (৩৩) সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাত্রীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা বুড়িগঙ্গা স্পেশাল পরিবহনের বাসটি ভোর ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামানোর সময় হঠাৎ নেছার উদ্দিনসহ তিন যুবক বাসে ওঠেন। বাসটি অল্প কিছুদূর যাওয়ার পর চালক ও হেলপারের গলায় ছুরি ধরে তাদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় যাত্রীরা ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।
বুড়িগঙ্গা স্পেশাল পরিবহনের মালিক ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তাফা জানান, প্রায়ই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাচঁপুর এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের রুপসি ও গাউছিয়া এলাকাগুলোতে যাত্রী নামানোর সময় কিংবা বক্স থেকে মাল নামানোর সময় ডাকাতরা বাসে উঠে পড়ে। পরে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকাপয়সা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান জুয়েল বলেন, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি। বেশি মারার ফলে তার অবস্থা কিছুটা গুরুতর। তাকে হাসপাতালে নিয়ে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।’

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *