ডেস্ক রিপোর্ট :
এক দোকান থেকে আরেক দোকান ঘুরেও মিলছে না নতুন দামে ভোজ্যতেল! দোকানিরা বলছেন, নতুন দামের ভোজ্যতেল এখনও বাজারে আসেনি।
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় গত ৫ দিন আগে খুচরা পর্যায়ে এক লিটারের বোতলের দাম ১৪ টাকা কমিয়েছে সরকার। কিন্তু এখনও এর প্রভাব পড়েনি বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।
রোববার (২৪ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, পাড়ার মুদি দোকানগুলোতে এখনও ১ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়। দুই লিটারের বোতল ৩৯৫ টাকা। আর ৫ লিটারের দাম রাখা হচ্ছে ৯৭০ টাকা।
ক্রেতারা বলছেন, একাধিক দোকান খুঁজেও নতুন দামে তেল না পেয়ে বাধ্য হয়ে কিনতে হচ্ছে বেশি দামে। রাজধানীর বড় বাজারগুলোতে পাওয়া গেলেও এলাকার ছোট বাজার কিংবা পাড়ার মুদি দোকানগুলোয় এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
রাজধানীর খিলক্ষেত আবাসিক এলাকার অন্তত ছয়টি দোকান ঘুরেও ১৮৫ টাকা লিটার দরে সয়াবিনের বোতল পাননি বেসরকারি চাকরিজীবী মো. রহমান। শেষমেশ ১৯৮ টাকা দরেই কিনতে হয়েছে তাকে। কথা হলে বিরক্তি ভরা কণ্ঠে এ ব্যক্তি বলেন, দাম কমানোর এক সপ্তাহ পরও আমি কেন বেশি দামে তেল কিনব। নতুন দামে পাঁচ লিটারের বোতল ৯০০ টাকায় পাওয়ার কথা। অথচ আমাকে কিনতে হলো ৯৯০ টাকায়। এক টাকা-দুই টাকা নয়, ৯০ টাকা বেশি খরচ করতে হলো। আমার এই বাড়তি টাকা কে ফেরত দেবে।
অথচ গত রোববার (১৭ জুলাই) সমন্বয় করা এই দাম পরদিন থেকেই বাজারে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ঘোষণার পাঁচদিন পরও আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।
খিলক্ষেত বাজারের তেল বিক্রেতা খায়রুল বলেন, নতুন তেল বাজারে না আসলে দাম কমানো সম্ভব হবে না। ডিলাররা আগের তেল বিক্রি করা ছাড়া নতুন কম দামের তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আগের বাড়তি দরের তেল বিক্রি করতে হচ্ছে।
খিলক্ষেত বাজারে সয়াবিন তেল কিনতে আসা রাসেল বলেন, দাম কমলেও এখনও আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অথচ দাম বাড়ার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়।
তবে ক্রেতারা বলছেন, দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজার থেকে বেশি দামে কিনতে হলেও দাম কমার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়ন হয় না। তাই বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। তবে গতকাল পর্যন্ত কোম্পানিগুলো বেশি দামেই তেল সরবরাহ করেছেন বলেও দাবি বিক্রেতাদের।
বর্তমানে সরকার নির্ধারিত প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা করা হয়। ২ লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা থেকে কমে ৩৭০ টাকা। আর পাঁচ লিটার সয়াবিনের যে বোতল ৯৮০ টাকায় কিনতে হচ্ছিল, তা এখন ৯১০ টাকা।
বিশ্ববাজারে দাম কমার কারণে গত মাসের শেষদিকে ভোজ্যতেল আমদানিকারকরা দেশে তেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দেয়।
এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply