উজিরপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ; নিহত ৫

ডেস্ক রিপোর্ট : 
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৫ জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন জানান, বরিশাল থেকে একটি বাস ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। মাইক্রোবাসটি বেলা ১২টার দিকে উজিরপুরের সোনারবাংলা সংলগ্ন মহাসড়ক অতিক্রমকালে এর একটি চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের একজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জন মাইক্রোবাস যাত্রীকে মৃত ঘোষণা করেন। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এদিকে দুর্ঘটনায় আহত ৭ জনকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে থানা এবং উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক মো. মোমিন উদ্দিন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *