শিল্প-কারখানায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:

বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে ২৪ ঘণ্টা গ্যাস পাবে শিল্পকারখানাগুলো।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরনীতে জানানো হয়, বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হবে। রমজান মাসে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ার কারণে ১২ই এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পেট্রোবাংলা। তবে দশ দিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো পেট্রোবাংলা।

পেট্রোবাংলা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত (৪ ঘণ্টা) সব শিল্প শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হল, যা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পর গত ১১ এপ্রিল শিল্প কারখানায়ও ৪ ঘণ্টার গ্যাস সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোবাংলা।

এই সিদ্ধান্তে শিল্পোদ্যোক্তারা অসন্তোষ জানিয়ে আসছিল। ফলে ১৫ এপ্রিল থেকে তা কার্যকরের পর সপ্তাহ না গড়াতেই সিদ্ধান্তে পরিবর্তন এল।

সিদ্ধান্ত বদলের বিষয়ে পেট্রোবাংলা বলছে, “গ্যাস সঙ্কটে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ নির্বিঘ্ন রাখতে শিল্পে রেশনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শিল্প মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তা আবার চালু করে দেওয়া হয়েছে।”

এটিভি বাংলা/তুফান


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *