পুনর্বিবেচনা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম

ডেস্ক রিপোর্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচরে একটি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়। আমাদের দেশের উচ্চশিক্ষার প্রায় তিন চতুর্থাংশ শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা অর্জন করে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করছি।

দীপু মনি বলেন, যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়, সে যেন উদ্যোক্তা হতে চাইলেও উদ্যোক্তা হতে পারে, সে যোগ্যতা নিয়ে বের হতে পারে।

এছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়কেও সময় উপযোগী কারিকুলাম নিয়ে চিন্তা ভাবনা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

এটিভি বাংলা/আমান


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *