সার্চ কমিটির বৈঠক: ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

মঙ্গলবার সার্চ কমিটির বৈঠকে সর্বশেষ ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এই তালিকা পাঠানো হবে বলেও জানানো হয়। এরপরই রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে পাঁচ জনের নাম চূড়ান্ত করবেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। এসময় সার্চ কমিটির প্রধান, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানসহ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।

এদিকে, শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। এরপর রবিবার ইসি গঠনের জন্য ১০-১২ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি বলে জানান কমিটির প্রধান ওবায়দুল হাসান।

এর আগে, ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়েছিল সার্চ কমিটি। সময়সীমার মধ্যে মাত্র ২৪টি রাজনৈতিক দল নাম প্রস্তাব করে। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যাক্তি উদ্যোগেও অনেকে মন্ত্রিপরিষদ বিভাগে জীবনবৃত্তান্ত জমা দেন। তবে, বিএনপি, সিপিবি ও বাসদসহ কয়েকটি দল নাম প্রস্তাব করেনি।

এদিকে, গেল শনিবার প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রবিবার বিকালেও বৈঠক হয়। দু’দিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এটিভি বাংলা/আমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *