ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দারকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। রবিবার সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে। সে ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ আশ্রয় শিবিরের সাব মাঝি (সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক জানিয়েছেন, সকালে কুতুপালং আশ্রয় শিবিরে নিজ ব্লকেই ছিলেন আবুল কালাম। এরপর অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুষ্কৃতিকারী এসে আবুল কালামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় আইওএম হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাইমুল হক আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এঘটনায় জড়িতদের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে এবং মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এটিভি বাংলা/তইমুর

Leave a Reply