নারীকে অপহরণের পর হত্যা, ৫ জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈরে রাধা রাণী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এই আদেশ দেন।

এ সময় সাজাপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত এক আসামি মামলার পর পরই দেশত্যাগ করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৪ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রাণী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করা হয়। এর পরের দিন রাধা রাণীর ছেলে বিষ্ণুপদ বৈদ্য ছয়জনকে আসামি করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার ১১ দিন পরে পাখুল্লা বিল থেকে রাধা রাণী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার আসামিরা হলেন অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরণী বৈদ্য, বিজয় বেপারি, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মারা যান আর বিজয় বেপারি পলাতক রয়েছেন।

দীর্ঘ ২০ বছর পরে মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জীবিত পাঁচ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় জীবিত পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

নিহত রাধা রাণী বৈদ্যর ছেলে গৌরাঙ্গ বৈদ্য রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *