খাদ্যশস্য মজুত করে সংকট তৈরি না করতে বলেন খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।

আজ শনিবার বেলা ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্ৰাম এলাকায় আকস্মিকভাবে ধানের মাঠ ও পাকা ধান কাটা মাড়াই পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় চাষিদের সঙ্গেও কথা বলেন তিনি। চলতি মৌসুমের ফসল, দরদাম ছাড়াও অন্যান্য চাষাবাদ এবং গ্রামীণ অর্থনীতির খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, আমন ধান ছাড়াও সামনে ইরি মৌসুম আসছে। তাই দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই। এজন্য আতঙ্কিত হয়ে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।

সাধন‌ চন্দ্র মজুমদার বলেন, মাঠে ৪৯ জাতের একটি ধান দেখলাম। এটি একটি চিকন জাতের ধান। কৃষকদের সঙ্গে কথা বলে জানলাম, এই ধান তারা বিঘাপ্রতি ২৪ মণ হারে পাচ্ছেন। এ বছর সরকার কৃষককে ন্যায্যমূল্য দিতে ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। আমরা আশা করছি, কেউ সিন্ডিকেট করে কোনোভাবেই কৃষককে ঠকাতে পারবে না। বাজার মনিটরিং ও ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মজুত পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি গুদামে রেকর্ড মজুদ আছে। তারপরও কৃষকেরা যেন ধানের ন্যায্যমূল্য পায়, ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তারা যেন ন্যায্যমূল্যে চাল পায় এজন্য প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে ধান কেনা আরও বাড়ানো হতে পারে।

ফসলের মাঠ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রীর একান্ত সচিব শহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল খালেকসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *