সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:

দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রধান বিচারপতি। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তারা দুজনই সুস্থ আছেন। আজ তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনা পজেটিভ ফল আসে। পরে বুধবার রাতে প্রধান বিচারপতিকেও হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।
প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারকের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে গত ৩০ ডিসেম্বর নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছর থেকে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

এটিভি বাংলা/ আমান


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *