পণ্য পরিবহন খরচে কতটা প্রভাব পড়ল?

ডেস্ক রিপোর্ট :
চাল-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে জ্বালানির দাম কমানোর প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই প্রভাব নেই দামেও। তবে সরবরাহ বাড়ায় সবজির দাম নিম্নমুখী।এখন লাভ-লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজারের আড়ত মালিকদের প্রতিনিধিরা। সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা পণ্য বিক্রির কাজ সেরেছেন তারা। যুক্তি তুলে ধরে জানালেন সবজির দাম কমছে।

তারা বলেন, সবজির সরবরাহ বাড়ায় দাম আগের তুলনায় এখন একটু কম। অনেক সবজির দামই কমছে।

তাদের কাছে প্রশ্ন ছিল, জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর কারণে ট্রাক ভাড়া কমেছে কি-না বা কমতে পারে কি-না?

জবাবে বাজারে প্রভাব না পড়ায় যুক্তি ‍তুলে ধরে এক ব্যবসায়ী বলেন, এক ধাপে ৪০ থেক ৫০ টাকা বাড়ানোর পর ৫ টাকা কমালে কি এর প্রভাব বাজারে পড়বে? একটা জিনিসের দাম বেড়ে গেলে, তা আর কমতে চায় না। এটাই হচ্ছে সমস্যা।
আরেকজন ব্যবসায়ী বলেন, একটি ট্রাক যেতে আসতে হয়তো ৮০ লিটার তেল খরচ হয়। সরকার লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছে। এতে আর কী এমন প্রভাব পড়তে পারে।

উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে ট্রাক ভর্তি চাল আসে। এখানকার ব্যবসায়ীদের দাবি, নায্যতার হিসাবে জ্বালানি খরচ কমের কারণে প্রতিকেজি চালের দাম কমবে ৪ থেকে ৫ পয়সা। যার কোনো প্রভাব পড়বে না বাজারে।

পরিবহন খরচে কোনো প্রভাব না পড়ার বিষয়ে একজন ব্যবসায়ী বলেন, জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর পর পরিবহন খরচ হিসাব করলে ১০ থেকে ২০ পয়সা কম হবে। ৩৪ টাকা বাড়ানোর পর ৫ টাকা কমানোর বিষয়টি যদি আপনি অনুপাতিক হারে ধরেন, তাহলে তা যতসামান্য।

তবে উৎপাদন থেকে খুচরা বাজার পর্যন্ত কঠোর নজরদারি নিশ্চিত করতে পারলে সব হিসেব মিলিয়ে নিত্যপণ্যের দামে ভোক্তাদের স্বস্তি মিলতে পারে বলে মনে করেন পাইকাররা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *