ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সারা ঘরে আগুন, দগ্ধ ৬

ডেস্ক রিপোর্ট :  
ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে জিনজিরার মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তাঁর মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং ইদুনী ওরফে পান্না বেগম (৫০)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যান সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব। তিনি বলেন, ‘আগুনে যারা দগ্ধ হয়েছেন, তারা ভবনের নিচ তলায় থাকতেন। মঙ্গলবার ভোরে আগুন আগুন চিৎকার শুনে আমরা ওই বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে ওই ছয় জনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।’

সাকিব বলেন, ‘ভোরে বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন।’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘নারী-শিশুসহ ছয় জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ,  সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।’

ডা. পার্থ শংকর পাল আরও বলেন, ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর অন্যদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ)  ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *