দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার, বেড়েছে নারীর সংখ্যা

ডেস্ক রিপোর্ট : 
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন বলে জানা গেছে। এর আগে ২০১১ সালে এ সংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।

জনশুমারি ও গৃহগণনা-২০২১ অনুযায়ী দেশের জনসংখ্যার এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মাঠপর্যায়ে মূল শুমারি শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় জনসংখ্যার এ প্রাথমিক তথ্য প্রকাশ করেছে  বিবিএস।

জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের মোট সংখ্যার হিসেবে বেড়েছে নারীর সংখ্যা। দেশে মোট পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও তৃতীয় লিঙ্গের জনসংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমছে। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালে বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৪৬ শতাংশ, ২০০১ সালে ছিল ১ দশমিক ৫৮ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক শূন্য ১ শতাংশ ও ১৯৮১ সালে ছিল ২ দশমিক ৮৪ শতাংশ।

২০০১ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন, ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন, ১৯৮১ সালে ছিল আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন গণনা করা হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *