৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

স্পোর্টস প্রতিবেদন:

চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসেবে এখনো প্রায় পাঁচ মাস বাকি। তবে বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু হতে দেরি হলেও,এখনই ফুটবলের বৈশ্বিক আসরের রোমাঞ্চে মজেছেন ফুটবল অনুরাগীরা।

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। সেই ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসছে বিশ্বকাপ ট্রফি। আর সেটা নিয়ে আসবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু।

আগামী ৮ জুন সকালে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে আসবেন কারেম্বু। বাংলাদেশ সফরে মোট ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপের অন্যতম অফিশিয়াল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলা। মূলত তাদের পৃষ্ঠপোষকতাতেই বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকাকোলার সঙ্গে এই উদ্যোগে কাজ করছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ ব্যাপারে বলেছেন,‘৮ জুন সকালে ট্রফি ঢাকায় আসবে। সেদিন বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এর পর দিন আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে।’

এর আগে ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি সবশেষ বাংলাদেশে আনা হয়েছিল। এর পরের আসরে রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে আসেনি।

এটিভি বাংলা/সামান্তা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *