রেস্টুরেন্টে খেতে গেলেও লাগবে করোনার টিকা সনদ

স্টাফ রিপোর্টার:

এখন থেকে রেস্টুরেন্টে খেতে গেলে করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনার কারণে গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চিন্তা আমাদের নেই। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে শিক্ষার্থীদের টিকা নিতে হবে। করোনার সংক্রমণ রোধে মাস্ক না পরলে জরিমানা করা হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

বৈঠকে উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।

এটিভি বাংলা/আনন্দ ইসলাম


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *