লাশ দাফনের অনুমতি নিতে ঘুষ নিলো পুলিশ

ডেস্ক রিপোর্ট:

পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দাফনে বাধা দিয়ে পরিবারের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে একজন পুলিশ পরিদর্শকের (ইন্সপেক্টর) বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর গ্রামে আরিফা আক্তার নামে ১৫ মাসের এক শিশু বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে না জানিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি নেয় শিশুটির পরিবার। তবে স্থানীয়দের কাছ থেকে শিশুর মৃত্যুর খবর পেয়ে নাসিরনগর থানার চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বাড়িতে গিয়ে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না বলে জানান। একপর্যায়ে তার হাতে টাকা দেওয়ার পর মরদেহ দাফনের অনুমতি দেন তিনি।

মৃত শিশুর চাচা বোরহান মিয়া অভিযোগ করে বলেন, দাফনের আগ মুহূর্তে পুলিশ এসে জানায় মরদেহের ময়নাতদন্ত করতে হবে। তখন আমরা বলি পানিতে ডুবে মারা গেছে এবং আমাদের কোনো অভিযোগ নেই। তখন কাঞ্চন কুমার সিংহ বলেন, ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। পরে তার হাতে ৮ হাজার টাকা দেওয়া হয়।

এদিকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ। তবে টাকা নেওয়ার বিষয়টি জানা জানি হলে স্থানীয় এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় সাত হাজার টাকা মৃত শিশুর পরিবারকে ফেরত দেন ওই পুলিশ সদস্য।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, টাকা নেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি বাংলা/শামিম


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *