ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে ফিরবে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক পথে ও গণতন্ত্রে ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সোমবার সকালে সিলেট পৌছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশ রাইট ট্রেকে উঠবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সেখানে সিলেটের অত্যন্ত সাহসী নেতা এম ইলিয়াস আলীও রয়েছেন। ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিএনপি অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

এর আ‌গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সকা‌লের ফ্লাই‌টে সিলেট পৌঁছান।

সেখানে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যরা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে এবং জেলা ও মহানগর বিএনপির আয়োজনে-দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল, কর্মী সভা এবং জুলাই শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতৃবৃন্দ।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *