ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসেছে

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ সাত বছর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলারের নেতৃত্বে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পা রেখেছে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী কয়েকদিন প্রস্তুতির পর ঘরের মাঠে পহেলা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজ।

দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড দল আজ বাংলাদেশে এসেছে। বিমানবন্দর থেকে ইংলিশদের নিয়ে যাওয়া হয়েছে টিম হোটেলে।

আজ বিশ্রাম নিয়ে আগামীকাল শনিবার(২৫ ফেব্রুয়ারি) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করার কথা জস বাটলারদের।

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই টেস্ট খেলেছিল অতিথিরা। তবে এবার আর টেস্ট সিরিজ নেই। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে সফরকারীরা।

আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বিকেল ৩টা থেকে।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *