বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্ধারিত সময়ে চালু হবে

ডেস্ক রিপোর্ট :

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ চলছে, তাতে ২০২৪ সালের আগস্টের নির্ধারিত সময়ের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

রেলপথমন্ত্রী আজ সোমবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় পূর্ব পাশে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১.১৫ কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। বারোটি পিলারের ওপর এগারটি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের অগ্রগতি অনেক ভালো। পশ্চিম প্রান্তে অগ্রগতি কিছুটা কম, তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে। ফলে, পুরো প্রকল্পটি তার নির্ধারিত সময় ২০২৪ সালের আগস্টের আগেই যান চলাচলের জন্য খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী আরও বলেন, ‘সেতু ডুয়েল গেজ ডাবল লাইন হচ্ছে। এখানে ব্রডগেজে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে এবং সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে, যেটি এখন প্রায় ৪০ মিনিট সময় লাগছে। ফলে সময় অনেক কমে যাবে। এই সেতুর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। ফলে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে, যার ফলে আভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধিসহ আন্তদেশীয় ট্রেনও অধিকারে চালানো যাবে এবং ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালাচল সম্ভব হবে।’

এ সময় টাঙ্গাইলের সংসদ সদস্য তানভীর হাসান, রেলওয়ের অতিরিক্ত পরিচালক (অবকাঠামো) মো. শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *