গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। এবার যুক্তরাষ্ট্রের মেয়েদেরও উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন ম্যাচে দাপট দেখিয়ে জয়ের হ্যাটট্রিক করল লাল-সবুজের দল।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের গ্রুপের প্রতিটি দলের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশের মেয়েরা।

টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য পড়ে মাত্র ১০৪ রানের। এই লক্ষ্য তাড়ায় ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ১৭.৩ ওভারে বাংলাদেশ ১০৪ রান তুলে ফেলে।

যদিও রান তাড়ায় শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারে হারায় ওপেনার সুমাইয়া আক্তারকে (১০)। পঞ্চম ওভারে বিদায় নেন প্রত্যাশাও (৭)।

বড় জুটি গড়তে পারছিলেন না কেউ। তবে ছোট লক্ষ্য হওয়াতে খুব বেশি সমস্যা হয়নি। রাবেয়া-স্বর্ণাদের ছোট ছোট সংগ্রহ বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। ১৪ বলে ২২ রান করেন স্বর্ণা। ২৪ বলে ১৮ রান করেন রাবেয়া আক্তার।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বেনুনিতে ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্রের মেয়েরা।

এদিন ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। তাদের ওপেনার লাসিয়া মুল্লাপুদিকে (৫) ফেরান দিশা বিশ্বাস। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ৫৭ রানের জুটি গড়েন, তবে রান রেট ছিল মন্থর।

এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে রান আউট হন দিশা (২০)। পরের বলে দিশার বলে ইনিংস সেরা ২৬ রানে আউট স্নিগ্ধা।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে কোনোমতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা। একটি নেন মারুফা আক্তার। বাকিটি হয় রানআউট।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *