টানা পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল মাশরাফির সিলেট

স্পোর্টস ডেস্ক :
বিপিএলে টানা পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। উড়তে থাকা সিলেট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে। এতে প্রথম তিন ম্যাচ হারার পর টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা। পরপর দুইদিন দুই জয়ে পয়েন্ট টেবিলে বেশ এগিয়েছে কুমিল্লা। তলানি থেকে এখন চতুর্থ অবস্থানে চলে গিয়েছে কুমিল্লার দলটি।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফের কুমিল্লাকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস। ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে লিটন গড়েন ৫৭ রানের জুটি। ১৮ বলে ১৫ রান করে রিজওয়ান রান আউট হন। ৭ চার ও ৪ ছক্কায় মাশরাফি বিন মুর্তজার বলে ৪২ বলে ৭০ রান করে আউট হন।

ছয় রানের ভেতর ৩ উইকেট হারিয়ে মাঝে অবশ্য কিছুটা বিপদেই পড়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে জনাথন চার্লস ও মোসাদ্দেক হোসেন মিলে ম্যাচ শেষ করে আসেন। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতলো কুমিল্লা, আসরে প্রথম হারের স্বাদ পায় সিলেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। ৬ বলে ৭ রান করে হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মোহাম্মদ হারিস। এই ধাক্কা সামলে উঠার আগেই আউট হয়ে যান ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়া আকবর আলি।

২ বলে ১ রান করেন তিনি। এরপর ৮ বলে ৯ রান করে হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ যায় জাকির হাসানের। আম্পায়ার শুরুতে নট আউট দেন। কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে গিয়ে সিদ্ধান্ত বদলে যায়। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ দেখা যায় জাকিরকে।

স্কোরকার্ডে ৫০ রান তোলার আগেই পাঁচ উইকেট হারানো সিলেট পরে আর পথ খুঁজে পায়নি। দলটির পক্ষে ১৯ বলে ১৩ রান করেন শান্ত, ১৫ বলে ১৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৫৩ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম।

দুজন মিলে ৮০ রানের জুটি গড়েন। ৩ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। ২ চার ও ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন থিসারা পেরেরা। কুমিল্লার সামনে তাতে ১৩৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *