দুর্দান্ত সাকিব পেলেন আইসিসির পুরস্কার

স্পোর্টস ডেস্ক :
সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত খেলে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ান সাকিব। এবার আইসিসি থেকে এমন দুর্দান্ত পাফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব।

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাস সেরার সেই পুরস্কার এবার বুঝে পেলেন সাকিব। আজ বুধবার (১০ মে) সাকিবের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। শুধু তাই নয় সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

এরপর আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের রেকর্ড স্পর্শ করেন সাকিব। মার্চে মোট ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব। আর মূলত এমন পারফরম্যান্স বিবেচনাতেই সাকিবকে মার্চের মাস সেরা ক্রিকেটারের পুরস্কার দেয় আইসিসি। এর আগে ২০২১ সালের জুলাইয়ে এ সম্মাননা জিতেছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার।

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে সাকিব বলেছিলেন, ‘আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। আমার কাছে এ স্বীকৃতির মূল্য অনেক। কারণ গত মাসে দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু দারুণ পারফরম্যান্স ছিল’।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *