বৃষ্টি বাধায় খেলা হবে ১৭ ওভার

স্পোর্টস ডেস্ক :
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টসের পরপরই সাগরিকায় নামল ঝুম বৃষ্টি। দীর্ঘ ১০০ মিনিট অপেক্ষার বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর বিকেল ৩টা ৪০ মিনিটে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

সাধারণত ম্যাচ প্রতি এক ঘণ্টা করে অতিরিক্ত সময় ধরা হয়। সেটা পেরিয়ে যাওয়াতে যথারীতি এই ম্যাচেরও দৈর্ঘ্য কমেছে। প্রথমে এক ওভার কমানো হয়। পরে সেটা কমিয়ে আনা হয় ১৭ ওভারে। সুতরাং সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৭ ওভার করে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে সেদিন বৃষ্টি নামে দ্বিতীয় ইনিংসের সময়। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর দৈর্ঘ্য কমে যায় ম্যাচের। শেষ পর্যন্ত ৮ ওভারে দ্বিতীয় ইনিংস শেষ করতে হয় আয়ারল্যান্ডকে। বৃষ্টি আইনে ১০৪ রানের লক্ষ্য পাওয়া আইরিশরা হেরে যায় ২২ রানে।

আগের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। যা এক প্রকার অনুমিতই ছিল। ওই একাদশ নিয়ে জয়ও এসেছিল অনায়সে। তাই জয়ের কম্বিনেশন আর ভাঙেনি বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে আনেনি কোনো পরিবর্তন।

অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া আয়ারল্যান্ড একটি পরিবর্তন এনেছে একাদশে। ক্রেইগ ইয়ংয়ের বদলে একাদশে ফিরিয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ডকে।

বাংলাদেশের ক্রিকেটে চলছে বসন্তের সুবাতাস। সঙ্গে লাকি ভেন্যু চট্টগ্রামে খেলা, যে মাঠ সবসময় দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। আজই তাই সিরিজ নিজেদের করে নিতে চান সাকিব আল হাসানরা। তাহলে মাত্রই আগের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর এটি হবে বাংলাদেশের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।

আয়ারল্যান্ড একাদশ : মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *