তামিমের পর এবার লিটনের বিদায়

স্পোর্টস ডেস্ক :
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া সিরিজের পর আজ (১৮ মার্চ) নতুন মিশনে নেমেছে বাংলাদেশ। এবার তামিম-সাকিবদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট করছে বাংলাদেশ। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে তামিমের পর সাজঘরে ফিরেছেন লিটন দাসও।

আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড। ব্যাট হাতে বাংলাদেশকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তামিম-লিটন। যদিও দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ৯ বলে ৩ রান  করে মার্ক অ্যাডাইর এর শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তামিম।

এরপর লিটনের সঙ্গে জুটি গড়ে তোলেন আরেক টপঅর্ডার নাজমুল হোসেন শান্ত। ৩৪ রানের জুটি গড়ে দলীয় ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার লিটন দাস। ক্যাম্পারের ব্যাক অফ লেন্থের বলে শর্ট কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৩১ বলে ২৬ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার।

নিজেদের মাঠে বাংলাদেশ ফেভারিট হলেও আয়ারল্যান্ডকে হালকা করে দেখার উপায় নেই। কারণ, গত কয়েকদিনে তারা কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। তাছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচে গত বুধবার (১৫ মার্চ) আইরিশদের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ। সব মিলিয়ে হালকাভাবে দেখার সুযোগ নেই।

যদিও প্রস্তুতি ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ব্যবধান অনেক। তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে আশাবাদী প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হয়ে আসার পর সবার আগে নজর দিয়েছেন তরুণদের দিকে। তারুণ্য নির্ভর দল নিয়ে ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ড সিরিজ নিয়েও আশাবাদী হাতুরুসিংহে। ক্রিকেটাররা সেই আশার মান রাখতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *