কাতারেই তাহলে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক :

কাতারেই তাহলে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। মেসির কথা অনুযায়ী তো সেটাই। আর শেষটা তো সবাই রাঙাতে চায়। মেসিও চান।

বিশ্বকাপে আজ নিজের সেই শেষের শুরু করার আগে মেসি একটা সুখবর দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনা দলের এই প্রাণভোমরা ফুরফুরে মেজাজেই আছেন। শারীরিকভাবেও ফিট। এখন অপেক্ষা শুধু মাঠে নামার।

বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় সেই অপেক্ষা ঘুচবে। লুসাইলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘শারীরিকভাবে খুব ভালো বোধ করছি। মানসিক ও শারীরিক—দুই দিক থেকেই খুব ভালো আছি। কোনো সমস্যা নেই।’

তবে একটু দুশ্চিন্তার কালো মেঘ তৈরি হয়েছিল মেসিকে ঘিরে। চোটের শঙ্কা ছিল। সেজন্য গত শনিবার একা হালকা অনুশীলন করেন। দলের বাইরে মেসির এই একা অনুশীলন করা দেখেই শঙ্কাটা তৈরি হয়েছিল।

কিন্তু সাতবারের এই বর্ষসেরা ফুটবলার সে শঙ্কা উড়িয়ে দিলেন, ‘আলাদা অনুশীলন করার কথা লোকে বলাবলি করেছে, সেটা কানে এসেছে। আসলে একটু আঘাত পেয়েছিলাম তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। স্রেফ সাবধানতা হিসেবে এটা করেছি।’

৩৫ বছর বয়সি আর্জেন্টাইন এ তারকা জানালেন, কাতারের আবহাওয়া ভিন্ন হলেও সেজন্য আলাদা করে কোনো প্রস্তুতি নেননি, ‘বিশেষ কিছুই করিনি। শুধু নিজের যত্ম নিয়েছি, যেভাবে গোটা ক্যারিয়ারজুড়েই করে এসেছি। আমি জানি এই মুহূর্তটা বিশেষ, কারণ এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। যে স্বপ্নটা আমি এবং আমরা দেখে এসেছি তা পূরণের এটাই শেষ সুযোগ।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *