দেশে ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা

ডেস্ক রিপোর্ট:

করোনা শনাক্তের সংখ্যা কমলেও দেশে গেল ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের শরীরে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৫ জন।
২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৮টি ল্যাবে ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে দাঁড়াল। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১০৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। এছাড়া একদিনে ২ হাজার ৩৯৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ৩১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া পাঁচ জনই পুরুষ। তাদের প্রত্যেকেই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া একই সময় নতুন করে ৩২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবরও নিশ্চিত করা হয়।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৯৩৮ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৫২ হাজার ৭৫০ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮২ লাখ ১১ হাজার ৬৮১ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *