গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫৩ জনে।
এছাড়া নতুন করে আরও ৭৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন।

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৬টি ল্যাবে ২২ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ৭৩২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে দাঁড়াল। গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া একদিনে ৪ হাজার ৮২৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৫ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮ জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ২ জন এবং রংপুর বিভাগে ২ জন। বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ২৩ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭৯৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের খবর জানান হয়।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১৫৫ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮৫ হাজার ৯৮৫ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৩৬১ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *