গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। প্রায় দুই মাস পর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার চার শতাংশের নিচে নেমেছে।
গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৬টি ল্যাবে ২৪ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় ৮৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে দাঁড়াল। এর আগে, গত ৩রা জানুয়ারি নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার এর চেয়ে কম ছিল। সেদিন করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৭ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশে নেমেছে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। এছাড়া একদিনে ৭ হাজার ৯৭৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের বাকিজন খুলনা বিভাগের বাসিন্দা। বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ২১ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৮৬৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের খবর জানান হয়। সে হিসেবে সংখ্যা বিবেচনায় গতকাল তুলনায় মৃতের সংখ্যা কমলেও, শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে, গতকালের তুলনায় বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান হয়।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৩১৮ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৭০ হাজার ৬৬ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৭০ লাখ ৭৭৬ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *