গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৯৫ জন। নতুন ১৬ জনের মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৯০ জনে। তবে, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাব কমতে থাকায় কমেছে শনাক্তের সংখ্যা। সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৫৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে দাঁড়াল। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া একদিনে ৮ হাজার ৩৫৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশG

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৯ জন নারী। বিভাগওয়ারী মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩ জনের, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ২৪ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৯৫১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের খবর জানান হয়।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৮০০ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ১১ হাজার ৫১৫ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ২২৫ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *